সর্বশেষ সংবাদ
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদরের নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ শ্রমিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালের দিকে সদর উপজেলার বড়ইল (বনকালি) নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানিতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে হঠাৎ আতঙ্কের সৃষ্টি হলে নারী শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি করেন। এ সময় অনেকে শ্বাসকষ্টসহ শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন এবং কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে পুরো কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকদের মধ্যে রয়েছেন-রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫) ও লাবনী আক্তার (১৯)।
চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে আতঙ্কজনিত শ্বাসকষ্ট ও দুর্বলতার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের পৃথক দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ব্যাপারে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কী কারণে শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্কের কারণেই তাদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কোনো বিষাক্ত গ্যাস বা রাসায়নিকের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে প্রতিষ্ঠিত এই চায়না কোম্পানিতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরী শ্রমিক কাজ করেন।
তবে ঘটনার পর কোম্পানির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি, যা নিয়ে শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
একে
এ বিভাগের আরো
জেএসডির কেন্দ্রীয় সম্পাদক শহিদ উদ্দিন স্বপন
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল