বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

সরকার গঠন করায় বিএনপিকে আইসিএমএবি’র অভিনন্দন ও শুভেচ্ছা

বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬
সরকার গঠন করায় বিএনপিকে আইসিএমএবি’র অভিনন্দন ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করে নতুন সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

দেশের অন্যতম শীর্ষ পেশাগত হিসাববিজ্ঞান প্রতিষ্ঠান হিসেবে আইসিএমএবি এক বিবৃতিতে জানায়, এ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশিত নেতৃত্ব নির্বাচন করেছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে, নতুন সরকার অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর নীতি ও সংস্কারমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেবে।

বিবৃতিতে আরও বলা হয়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পেশাদার কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। রাষ্ট্রীয় ও কর্পোরেট পর্যায়ে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, সম্পদের সর্বোত্তম ব্যবহার, ব্যয় নিয়ন্ত্রণ এবং কার্যকর আর্থিক শাসন প্রতিষ্ঠায় তাদের সম্পৃক্ততা জাতীয় উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

আইসিএমএবি দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও আর্থিক ব্যবস্থাপনার উৎকর্ষ সাধনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় নবগঠিত সরকারের প্রতি প্রয়োজনীয় নীতি সহায়তা ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতীয় উন্নয়ন, আর্থিক সুশাসন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ও প্রস্তুতির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি আশাবাদ ব্যক্ত করেছে যে, সরকার ও পেশাগত প্রতিষ্ঠানসমূহের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আরও শক্তিশালী, স্বচ্ছ ও সমৃদ্ধ অর্থনৈতিক ভিত্তি অর্জনে সক্ষম হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল