বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকগুলোতে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজানে গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে, রমজান মাসে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে সাধারণ গ্রাহকদের জন্য লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জোহরের নামাজের জন্য বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। এই বিরতির সময় সাধারণ লেনদেন বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।
রমজান মাস শেষ হওয়ার পর যথারীতি ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে। সাধারণত স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যায় এবং ব্যাংক দাপ্তরিক কাজের জন্য খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এমআাই