তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি: মাতৃভাষা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জীবন বিলিয়ে দেওয়া শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের করে সংগঠনটি। পরে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মিলিত হয়। পরে ২১ শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে তারা সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, বর্তমান যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, আবু দাউদ, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, আবু সাঈদ রনি, স্বাক্ষর, সাব্বিরসহ প্রায় দুশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলা করার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সেই সকল শহিদদেরকে আজ আমরা গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি। এ শহিদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বতঃস্ফূর্তভাবে মনের ভাব প্রকাশ করতে পারছি। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদান আমরা কখনোই ভুলব না। অনেক সময় স্বাধীনতাবিরোধী একটি শক্তি আমাদের ভাষা শহিদদের অস্বীকার ও কটূক্তি করার চেষ্টা করে। আমরা এখন থেকে এগুলো কোনোক্রমেই সহ্য করব না। স্বাধীনতাবিরোধী সকল শক্তিকে আমরা রুখে দিব।
এমআই