নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা প্রদান করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতরের আগেই এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় খতিব-ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি সম্মানি প্রদান করা হবে।
শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এসময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা ও উৎসব প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।
একে