নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হবে।
আজ বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, আগামীকাল মন্ত্রিসভা বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হবে।
১৮ মার্চ তারিখে ছুটি অনুমোদন হলে এবার ঈদুল ফিতরে টানা সাত দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।
ঈদুল ফিতরের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে। ঈদের ছুটি শুরুর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি। এরপর ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করেছে।
এদিকে, ৪ মার্চ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ১৮ মার্চ ছুটি ঘোষণার দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঈদকে ঘিরে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে। কিন্তু গণপরিবহন-সংকট, স্টেশন ও সড়ক অবকাঠামোর সীমাবদ্ধতা এবং ব্যবস্থাপনার দুর্বলতার কারণে স্বল্প সময়ে এত বিপুল যাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় ও চরম ভোগান্তির শিকার হতে হয়।
১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে মানুষ ধাপে ধাপে গ্রামে যাওয়ার সুযোগ পাবেন। এতে একসঙ্গে চাপ কমবে, সড়ক দুর্ঘটনা ও ভোগান্তি কমবে। ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ঈদের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ঈদের ছুটির পরেও টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
এমআই