মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ভারতে গ্রেপ্তারকৃত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওমসান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁর পরিবার।
আজ সোমবার (৯ মার্চ) বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হাদির বোন মাছুমা হাদি এ দাবি জানান। হাদি হত্যার বিচার নিয়ে কোন নাটক মঞ্চস্থ হলে, বাংলাদেশ পন্থি হাদি সমর্থকদের নিয়ে তা রুখে দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের পরিবারের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে হাদির ভগ্নিপতি আমির হোসেন, প্রতিবেশী তৌহিদ আলম মান্না, সাইদুল কবির রানা, মুফতি হানযালা নোমানী, শাহাদাত আলম ও সাথি আক্তার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাছুমা হাদি অভিযোগ করেন, গত বছরের ১২ ডিসেম্বর তাঁর ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। ঘটনার ৮৭ দিন পার হলেও তদন্তকারী সংস্থা আদালতে চার্জশীট দিতে পারেনি। জাতিসংঘের তত্ত্বাবধায়নে তদন্ত সম্পন্ন করে চার্জশীট দাখিলেরও দাবি জানান তিনি।
মাছুমা হাদি বলেন, আমরা সংবাদমাধ্যমে জানতে পেরেছি, হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল করিম ও তাঁর সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছে।
বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী অল্প সময়ের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে বিচার করতে হবে। এই হত্যার পেছনের নির্দেশদাতা, অর্থের যোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারীসহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তিনি। কোন দায়সারা চার্জশীট দেওয়া হলে, তা প্রত্যাখ্যান করা হবে বলেও জানান তিনি।
এমআই