রামিন কাউছার,জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখার উদ্যোগে ‘বারাকাহ সেহেরি নাইট’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে মওলানা ভাসানী হলের ডাইনিংয়ে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথমবারের মতো এই ‘বারাকাহ সেহেরি নাইট’ আয়োজন করা হয়।
এতে হলের আবাসিক শিক্ষার্থীরা একসঙ্গে সেহেরিতে অংশ নেন। সেহেরি নাইটে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আবু তালহা এবং ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে মওলানা ভাসানী হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, “রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। একসঙ্গে সেহেরি করার মাধ্যমে আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় হয়েছে।”
বারাকাহ সেহেরি নাইট প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, “রমজানের বরকতময় পরিবেশকে আরও সমৃদ্ধ করতে এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এই ‘বারাকাহ সেহেরি নাইট’ আয়োজন করা হয়েছে। বরকতের এই পবিত্র মাসে শিক্ষার্থীরা দল-মত নির্বিশেষে আমাদের বারাকাহ সেহেরি নাইটে অংশগ্রহণ করেছে। এতে আগামীতে আমাদের মধ্যে ছাত্ররাজনীতির ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করব।”
একে