মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ওমরা এলপিজি ফিলিং স্টেশন থেকে অবৈধ, অনুমোদনহীন ও ঝুকিপূর্ণভাবে বাসা বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহ করার অপরাধে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে ওমরা এলপিজি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।
নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, গত শনিবার সকালে এনটিভির অনলাইন/ডিজিটালে অনুমোদনহীন ও ঝুকিপূর্ণভাবে বাসা বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহ করার একটি নিউজ নজরে আসলে গত কয়েকদিন ওমরা এলপিজি ফিলিং স্টেশকে নজরদারীতে রাখা হয় এবং আজকে সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহকালে তাদের হাতেনাতে ধরা হয়।
তিনি আরো জানান এর আগে সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহ করার সময় এনটিভি অনলাইন প্রতিনিধি ও মোহনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধির নজরে পড়ায় তারা ভিডিও ধারণ করতে গেলে ওমরা এলপিজি ফিলিং স্টেশনের লোকজনের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে মোহনা টেলিভিশন ও এনটিভির ডিজিটালসহ কয়েকটি ঘণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।
প্রাথমিক ভাবে আজকে ওমরা এলপিজি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং সতর্ক করে ভবিষ্যতে এমন কর্মকান্ড চালালে আরো বড় অভিযান এমনকি লাইসেন্স বাতিলের হুসিয়ারী দেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকালে চর জব্বর থানার একদল পুলিশ ও আনসার সদস্যগণ সহায়তা করেন।
এমআই