ইসহাক আলী, নাটোর প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরের মাটিতে আজ থেকে আর কোন অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজির কোন স্থান হতে দেবনা। সন্ত্রাসী আমার দলের হক, পরিবারের সদস্য হোক কোন ছাড় নয়।
আজ সোমবার (১৬) বেলা ১২টার দিকে নাটোর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।
হুইপ আরো বলেন, ‘আমি পরিস্কার ভাষায় বলছি, সন্ত্রাসীরা যে যতবড় শক্তিশালী হোক না কেন তাকে গ্রেফতার করতে হবে। কোন মুখ দেখা দেখি চলবে না। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিক ভাবে পালন করতে সকলের সহযোগিতা চাই।
হুইপ দুলু আরো বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা পুকুর খনন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আমি এই নাটোরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও শান্তির নাটোর গড়ে তুলবো যেনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। যে গ্যাস ১৮ বছর আগেই নাটোরে আসার কথা ছিল কিন্ত আসেনি। আগামী এক মাসের মধ্যেই নাটোরে গ্যাসের লাইন নিয়ে আসবো ইনশাল্লাহ।
জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন .ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, এএসপি ইফতে খায়ের আলমসহ জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ।
এরপর বিকেলে তিনি বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল খনন কাজের উদ্বোধন করেন।
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জাতীয় সংসদ এর হুইপ নির্বাচিত হওয়ার পরে এটি তার প্রথম জেলা সফর ।
এমআই