ইসহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭ টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইজিবাইক যাত্রী জাহিদুল ইসলাম (৫০) , মনিরুল (২৭) বাবুল হোসেন। তারা ৩ জনই উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ছোট বাদকয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে লালপুর থেকে পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি ইজিবাইক যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন আহত হন।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন— ইজিবাইক চালক রাব্বি (২২), বাবুল (৩৫), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর বাবুল হোসেন মারা যায়।
লালপুর থানার (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআই