তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী। শনিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রেস কর্নারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ ইব্রাহিম, কোষাধ্যক্ষ খাদেমুল ইসলাম ফরহাদ, ক্রীড়া সম্পাদক মানিক হোসাইন আকন্দ, সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তানিম তানভির, প্রচার সম্পাদক আবু উবায়দাসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎে অধ্যাপক ড. হাছানাত আলী বলেন, ইবি থেকেই আমি গ্রাজুয়েশন করেছি। আবার ইবিতে শিক্ষকতাও করেছি। তাই ইবি, ইবির শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আমার ভিন্ন ধরনের টান কাজ করে। ইবি থেকে আমি প্রথম ব্যক্তি যিনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছি। এটা আমাকে ভীষণ গর্বিত করে। অ্যাকাডেমিক কার্যক্রম, পড়াশোনা, গবেষণার দিক দিয়ে এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে সেই কামনা করি।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা নিজেদের কলম সর্বদা চালু রাখবে। সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। ভালো মানুষ হবে। নীতির সাথে কখনো আপোষ করবে না। নিজেরা প্রচুর পড়াশোনা করবে। শুধু নিউজ করার মধ্যে আবদ্ধ না থেকে বাইরের বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর লেখালেখি করবে। তোমরা যত বেশি জ্ঞান অর্জন করবে, দেশের জন্য তত বেশি ভূমিকা রাখতে পারবে।
উল্লেখ্য, অধ্যাপক ড. হাছানাত আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতকোত্তর শেষ করেন। তিনি বিজনেস ফ্যাকাল্টিতে ১ম স্থান অর্জন করে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে লেকচারার পদে যোগদান করেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক হিসেবে যোগদান করেন।
এমআই