বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

অনলাইনে নিরাপত্তা, গুগলের যে টুলের কথা অনেকেই জানেন না

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
অনলাইনে নিরাপত্তা, গুগলের যে টুলের কথা অনেকেই জানেন না

প্রযুক্তি ডেস্ক:

আপনি কি জানেন, অসংখ্য কোম্পানি অনলাইনে ব্যবহারকারীর নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য বিক্রি করছে? এদের ডেটা ব্রোকার বলা হয়। তারা এই তথ্য খুব সস্তায় টেলিমার্কেটার থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে। এতে ব্যবহারকারীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে।

তবে গুগলের একটি ফ্রি টুল আছে। যে টুলটি ব্যবহার করে অনেক তথ্য গুগল সার্চ থেকে সরিয়ে ফেলা সম্ভব। এর নাম হলো Results About You। অথচ অনেকেই এই টুলটি সম্পর্কে জানেনই না!

সাধারণত গুগল নিয়মিতভাবে ইন্টারনেট স্ক্যান করে এবং তার সার্চ ইঞ্জিনকে তথ্য সরবরাহ করে। এই তালিকায় অনেক সংবেদনশীল তথ্য থাকে, যেগুলো হয়তো ব্যবহারকারী গোপন রাখতে চান। ডেটা ব্রোকাররা গুগল থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে।

কিন্তু Results About You টুলের একটি বোতামে ক্লিক করে গুগল থেকে তথ্য সরানোর অনুরোধ করা যায়। এটি খুব সহজ এবং গুগল সম্প্রতি এই সার্ভিসটিকে আরও কার্যকর করতে আপডেট করেছে।

একবার এটি সেটআপ করলে গুগল ব্যবহারকারীকে একটি ইমেইল পাঠাবে। বিশেষ করে যখন তারা অনলাইনে ব্যবহারকারীর নাম, ইমেইল, ফোন নম্বর বা ঠিকানা খুঁজে পাবে। তারপর এক ক্লিকে খুঁজে পাওয়া ওয়েবসাইটগুলো রিভিউ করা যাবে।

টুলটির সীমাবদ্ধতা
সাধারণত সাইবার অপরাধীরা নিয়মিত হ্যাক ও ডেটা ব্রিচ থেকে সংবেদনশীল তথ্য কেনে ও বিক্রি করে। এ ক্ষেত্রে গুগল ব্যবহারকারীকে সাহায্য করতে পারবে না। আরেকটা বিষয় হলো, Results About You অন্যান্য ওয়েবসাইট থেকে তথ্য মুছতে পারবে না, কেবল গুগল সার্চ থেকে লিঙ্কগুলো সরিয়ে দিতে পারবে। মানে এই টুলটি ব্যবহারকারীকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না।

অনেকে ভাবতে পারেন, এজন্যতো টুলটিকে নিজের তথ্য দিতে হবে, তখন ঠিকই সেখানে ব্যক্তিগত তথ্য টাইপ করতে হবে। কিন্তু সংকোচের কিছু নেই, গুগল বলছে, Results About You-তে জমা দেওয়া তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয় না এবং এটি নিরাপদ ও এনক্রিপ্ট করা হয়।

কীভাবে শুরু করবেন
টুলটি ব্যবহার করা খুব সহজ। শুধু Results About You হাবে যেতে হবে এবং সেখানে আসা ফর্মটি পূরণ করতে হবে। এরপর গুগল একটি ইমেইল পাঠাবে। মেইলের ‘রেজাল্ট রিভিউ’ ট্যাবে ক্লিক করলে একটি তালিকা আসবে। যেসব ওয়েবসাইটে ব্যবহারকারীর তথ্য আছে তালিকায় সেগুলোর লিংক থাকবে। রেজাল্টে লিংকের পাশে থাকা ডট মেনুতে গিয়ে ‘রিকোয়েস্ট টু রিমুভ’ বোতামে ক্লিক করে তথ্য ডিলিট করার অনুরোধ জানাতে হবে।

কিছু কিছু ক্ষেত্রে গুগল ব্যবহারকারীর পরিবারের সদস্যদের তথ্যও সরিয়ে দিতে পারে। তবে চাইলেই সব তথ্য সরাতে পারবে এমনটা না। যেমন সরকারি বা নিউজ সাইটের কনটেন্ট এই টুলের আওতাভুক্ত নয়।

অনেক সময় গুগলে তথ্য না পেয়ে ব্যবহারকারী ভাবেন তার তথ্য অনলাইনে নেই। তার মানে এটা ভাবা ঠিক নয় যে, অনলাইন দুনিয়ার কোথাও নেই। কেউ যদি অনলাইন থেকে পুরোপুরি তথ্য মুছে ফেলতে চান, তা বেশ কঠিনই বটে। এজন্য সরাসরি ডেটা ব্রোকারদের সঙ্গে যোগাযোগ করে তথ্য মুছে ফেলার অনুরোধ করতে হবে। উন্নত বিশ্বে কিছু পেইড সার্ভিস এই কাজ করে দেয়।

গুগলের তথ্য অনুযায়ী, ২০২২ সালে Results About You চালুর পর মাত্র ১০ মিলিয়নের বেশি মানুষ এই টুলটি ব্যবহার করেছেন। সংখ্যার অঙ্কটা হয়তো বড়, কিন্তু ১ দশমিক ৮ বিলিয়ন গুগল অ্যাকাউন্টের বিপরীতে খুবই কম। এর অন্যতম কারণ, এখনো অনেক ব্যবহারকারী এই টুল সম্পর্কে জানেন না।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল