মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধারের পর আরও এক মৌয়াল ফিরে এসেছেন। এঘটনায় নিখোঁজ রয়েছেন এখনও তিন মৌয়াল। বৃহস্পতিবার রাতে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসেন। আর শুক্রবার ফিরে আসেন ইকরামুল কবির নামের আরেক মৌয়াল। এর আগে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকা ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।
উদ্ধারকৃত মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। আর ফিরে আসা মৌয়াল ইকরামুল ইসলামও গোদাড়া গ্রামের বাসিন্দা।
এখনো নিখোঁজ মৌয়ালরা হলেন, গোদাড়া গ্রামের আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান ও আঃ রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন।
উদ্ধার হওয়া মৌয়াল মনিরুল ইসলাম জানান, মধু সংগ্রহ করতে যেয়ে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি। তীব্র ঝড়ে ৮ জনের মৌয়াল দলের নৌকাটি ডুবে যায়। তাদের মধ্যে ৪ জন ৭ এপ্রিল সন্ধ্যায় ভাসতে ভাসতে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় চলে আসেন। এখান থেকে তাদেরকে উদ্ধার করে বনবিভাগের লোকজন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও সেবাযত্ন দিয়ে বৃহস্পতিবার রাতে বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়।
বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনে মধু সংগ্রহে যায়। গত সোমবার রাতে তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে লোকালয়ে আনা হয়েছে। নিখোঁজ ৪ জনের মধ্যে ইকরামুল কবির শুক্রবার বিকেলে বাড়ি ফিরেছেন। এখনো ৩ জন মৌয়াল নিখোঁজ রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
এমআই