বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় জাবিতে ডিআইএস শাখার যাত্রা শুরু

বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় জাবিতে ডিআইএস শাখার যাত্রা শুরু

রামিন কাউছার, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও দৈনন্দিন জীবনকে সহজ, মসৃণ ও নিরাপদ করার লক্ষ্যে ‘ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস)’-এর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বৃত্তি, স্মার্টফোন ও সাদা ছড়ি বিতরণ এবং স্বেচ্ছাসেবকদের সম্মাননাও প্রদান করা হয়। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্রেইল পবিত্র কুরআন তেলাওয়াত কোর্স চালু করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, জাকসু প্রতিনিধি, ডিআইএস-এর কেন্দ্রীয় প্রতিনিধি এবং জাবির বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে জাকসু শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা বলেন, “আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শ্রুতিলেখক নির্ধারণ ও পরিবর্তনের প্রক্রিয়া সহজ করতে বিভাগীয় সভাপতির অনুমতির বিষয়টি একাডেমিক কাউন্সিলে উত্থাপন করেছি এবং নতুন লাইব্রেরিতে তাদের জন্য একটি বিশেষায়িত ইউনিট স্থাপনের দাবি জানিয়েছি। এছাড়াও অন্যান্য যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে জাকসু সহযোগী ভূমিকা পালন করবে।”

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ফুটপাত নির্মাণ, পুরোনো ভবনে লিফট স্থাপন, নতুন লাইব্রেরির বিশেষায়িত ইউনিটে ল্যাব চালু এবং বাসে নির্দিষ্ট সিট বরাদ্দের ব্যবস্থা করা হবে। এছাড়াও একটি বিশেষায়িত মাঠ চালুর ব্যাপারে কাজ করছি এবং শ্রুতিলেখকের বিষয়টি আজই ভিসি স্যারের মাধ্যমে সমাধান হবে বলে আশা করছি।”

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক বলেন, “শিক্ষকদের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করাও আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের ফুটপাত, অনুষদ, লাইব্রেরি ও আবাসিক হলগুলোকে তাদের জন্য আরও ব্যবহারোপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্যক্তিগতভাবে আমি এতে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আত্মার শক্তি দৈহিক শক্তির চেয়ে বেশি। যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে, তারা আত্মার শক্তিতে তুলনামূলকভাবে বেশি বলীয়ান। উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চলাচল ও বাসস্থান নির্বিঘ্ন করতে কাজ করা হয়। কিন্তু আমাদের দেশে জনগণের অর্থে পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত ফান্ডের অভাবে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠে না। শ্রুতিলেখকের বিষয়টি আগামী একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে সমাধান করার পাশাপাশি একটি বিশেষায়িত মাঠ চালুর উদ্যোগ গ্রহণের চেষ্টা করছি।”

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল