মো বাঁধন হোসেন, হাবিপ্রবি, দিনাজপুরঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় শহীদ নূর হোসেন হল সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি, সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম মঞ্জু, মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ এবং ওরিয়েন্টেশন স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, কিন্তু আমরা এখনও অনেক ক্ষেত্রে গতানুগতিক শিক্ষার মধ্যে আটকে আছি। এই অবস্থায় বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।” তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন না করলে দেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
তিনি শিক্ষক নিয়োগে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। পাশাপাশি গবেষণা, ল্যাব সুবিধা ও শ্রেণিকক্ষের মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইতোমধ্যে ৫০০ কোটিরও বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি
বিশেষ অতিথির বক্তব্যে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি বলেন, উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা দীর্ঘদিন অবহেলিত। হাবিপ্রবিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে তিনি বলেন, ভর্তি হওয়ার পরপরই শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা জরুরি।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, চলতি শিক্ষাবর্ষে দ্রুত ক্লাস শুরু করা সম্ভব হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে জানান, প্রায় ৫৭৬ কোটি টাকার ডিপিপির আওতায় নতুন হল, একাডেমিক ভবন, গবেষণাগার ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমআই