মুহা: জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনা উপেক্ষা করে পাম্পে মুজত থাকা তেল বাড়তি দামে বিক্রির অভিযোগ শহরের এবিখান ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহেদ হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনিক জ্বালানী প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুদ রয়েছে।
এদিকে সরকারিভাবে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষনার পরই জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার জেলার ফিলিং স্টেশনগুলোতে মজুদ থাকা তেল পূর্বের দামে বিক্রির নির্দেশনা প্রদান করেন। এছাড়া ডিপো থেকে নতুনভাবে তেল আনার পর সেগুলো বর্তমান নির্ধারিত দামে বিক্রির জন্য বলা হয়।
তবে রোববার সকাল থেকে জেলার ফিলিং স্টেশনগুলোতে নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু করে স্টেশন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ট্যাগ অফিসারগণ বাঁধা দিলে জেলায় তেল বিক্রি ঘন্টা খানেক বন্ধ রাখেন ফিলিং স্টেশন মালিকরা। পরে আবারও নতুন দামে বিক্রি শুরু করেন তারা।
এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয় অভিযান। শুরুতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শহরের এটিখান ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার শাহেদ হোসনে জানান, মজুদকৃত তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। জেলা ব্যাপী এই অভিযান চলবে।
এমআই