আবুল খায়ের, সময় জার্নাল প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নগর পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ উপলক্ষে নগরবাসীর মধ্যে বিনামূল্যে বর্জ্য রাখার পলি ব্যাগ বিতরণ ও ব্লিচিং পাউডার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) ডিএনসিসি কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, “ঈদুল আজহায় নগরবাসীকে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ উপহার দিতে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে টেন্ডারের মাধ্যমে মর্গান কোম্পানির ১৭ লাখ ৩০ হাজার পিস বর্জ্য অপসারণের পলি সংগ্রহ করা হয়েছে। যা পিপিআর নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে। এগুলো নগরবাসীর মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি ব্লিচিং পাউডারও সরবরাহ করা হবে।”
ডিএনসিসি প্রশাসক জানান, এবার উত্তর সিটিতে ১২টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। জনদুর্ভোগ ও ঝুঁকি এড়াতে রেললাইন ও বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকাগুলোতে হাট বসানোর অনুমতি দেওয়া হয়নি। একইসঙ্গে যানজট কমাতে হাটগুলোর অবস্থান নির্ধারণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “নগরবাসীর নির্বিঘ্নে ঈদ উদযাপন নিশ্চিত করতে করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।”
কুরবানির পর দ্রুত বর্জ্য অপসারণে অতিরিক্ত যানবাহনের ব্যবস্থাও নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “বর্তমান গাড়ির পাশাপাশি টেন্ডারের মাধ্যমে আরও প্রায় ২০০টি গাড়ি যুক্ত করা হয়েছে। আমরা আশাবাদী, ঈদের পর খুব অল্প সময়ের মধ্যেই পুরো নগরী পরিচ্ছন্ন করতে সক্ষম হব।”
এমআই