শনিবার, ২৩ মে ২০২৬

বেলুনের পিছু ছুটে পুকুরে ডুব, নিভে গেল তিন বছরের শিশু নিরবের জীবন

শনিবার, মে ২৩, ২০২৬
বেলুনের পিছু ছুটে পুকুরে ডুব, নিভে গেল তিন বছরের শিশু নিরবের জীবন

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বেলুন তুলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে নিরব নামে তিন বছরের এক শিশুর। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দেওগ্রাম পশ্চিম পাড়া এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত নিরব অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে। পরিবারের আদরের শিশুকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের কোনো এক সময় বাড়ির সামনে খেলছিল নিরব। খেলার একপর্যায়ে তার বেলুনটি পাশের পুকুরে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, বেলুনটি তুলতে গিয়েই পানিতে পড়ে যায় সে।

শিশুটির প্রতিবেশী দাদি ললিতা রায় বলেন, “দুপুর প্রায় ১২ টার দিকে পুকুরে কিছু একটা ভাসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি, ওটা নিরব। তখন চিৎকার দিলে নিরবের মা ছুটে এসে তাকে পুকুর থেকে তুলে আনে।”

পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়। পুকুরের পানিতে তখনও একটি বেলুন ভাসতে দেখা যায়—যেন ছোট্ট নিরবের শেষ খেলনা হয়ে।

স্থানীয়দের ভাষ্য, নিরব ছিল খুবই চঞ্চল ও হাসিখুশি। কয়েক মুহূর্ত আগেও তাকে বাড়ির সামনে খেলতে দেখা গেছে। হঠাৎ এমন ঘটনায় হতবাক হয়ে পড়েছেন সবাই।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুন নিয়ে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল