রবিবার, ২৪ মে ২০২৬

আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঁচ থেকে সাত দিনের মধ্যে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে

রোববার, মে ২৪, ২০২৬
পাঁচ থেকে সাত দিনের মধ্যে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর কাছে এক সাংবাদিক জানতে চান, সরকার পল্লবীর ঘটনায় অনেক আন্তরিকতা দেখিয়েছে, গতকাল প্রধানমন্ত্রীও এ বিষয়ে বলেছেন। কিন্তু এরই মধ্যে আমরা দেখলাম গতকালই আবার কলাবাগানে একই ধরনের ঘটনা ঘটেছে, আট বছরের শিশুর ক্ষেত্রে। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের কাছে সরকার কি আসলে সঠিক মেসেজটা দিতে পারছে না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এখানে সমাজের সংস্কার দরকার। সামাজিক মূল্যবোধকে তুলে ধরা দরকার, আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, কালচারের ভিত্তিতে। কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আছর আমাদের সমাজে পড়েছে। কিছু কালচার এমন হয়েছে, এটা অপসংস্কৃতির কারণে। ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা, সংখ্যা, ঘটনা—এটা আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।

তিনি বলেন, আমরা কী করতে পারি? সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করা। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি, দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেপ্তার হয়। সেই জায়গায় আমরা এই তিন মাসে প্রত্যেকটি ঘটনায় সফল হয়েছি, ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এই জাতীয় যেকোনো ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেবো না।

রামিসাকে ধর্ষণ এবং হত্যা করার পর আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই ১৬৪-এর স্টেটমেন্টে সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসেছে; তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা খুব দ্রুততার সঙ্গে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট তিনদিনের সময় লাগে, তিনদিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতোমধ্যেই।

তিনি বলেন, এগুলো সব একসঙ্গে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সোপর্দ করা হবে, হয়তো ইতোমধ্যে হয়ে গেছে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন; এখনো হয়েছে কি না আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে।

তিনি বলেন, আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবেই এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের ভেতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।

বিএসআরএফ-এর সংলাপে আরও বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরেরর প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল