শনিবার, ৩০ মে ২০২৬

চ্যাম্পিয়নস লীগ: পিএসজি ও আর্সেনালের ‘ডাবলের’ লড়াই আজ

শনিবার, মে ৩০, ২০২৬
চ্যাম্পিয়নস লীগ: পিএসজি ও আর্সেনালের ‘ডাবলের’ লড়াই আজ

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগ ট্রফি জিতে নতুন আত্মবিশ্বাসে বলীয়ান আর্সেনাল। উত্তর লন্ডনের দলটির লক্ষ্য এবার আরও বড়—সারাজীবনের এক অপূর্ণতা দূর করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগ শিরোপার স্বাদ পাওয়া। তবে ইতিহাস গড়ার এই স্বপ্ন সত্যি করতে হলে তাদের টপকাতে হবে কঠিন বাধা, রুখতে হবে গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) আক্রমণের ঝড়। আজ হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট ক্লাব। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ।

লুইস এনরিকের পিএসজির মূল মন্ত্রই হলো অল-আউট অ্যাটাক। গতবারের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথম শিরোপা জেতে তারা। এবার তাদের সামনে মুকুট ধরে রাখার মিশন। উসমান দেম্বেলে, দিজিরে দুয়ে, আশরাফ হাকিমিদের নিয়ে গড়া ফরাসি চ্যাম্পিয়নরা ইতিমধ্যে ঘরোয়া সুপার কাপ ও লীগ শিরোপা ঘরে তুলেছে। নকআউট পর্বে চেলসি, লিভারপুল ও বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে আসা প্যারিসের ক্লাবটি দলগত আগ্রাসী পারফরম্যান্সে প্রতিপক্ষকে ভাসিয়ে দিতে সিদ্ধহস্ত। যদিও সম্প্রতি পিএসজি কোচ এনরিকে নিজেই স্বীকার করেছেন, বল যখন পায়ে থাকে না, তখন আর্সেনাল বিশ্বের সেরা দল। তবে নিজের দলের শক্তিমত্তা নিয়েও শতভাগ আত্মবিশ্বাসী তিনি।

ম্যাচে আগে সংবাদ সম্মেলনে এনরিকে আর্সেনালের শক্তির প্রশংসা করে বলেন, ‘আমরা দুটি দলই ভীষণ আক্রমণাত্মক ফুটবল খেলি এবং প্রচুর গোল করি। আমাদের লক্ষ্য এক হলেও পথটা ভিন্ন। আর্তেতা সাড়ে ছয় বছর ধরে আর্সেনালে আছে, ও দলটাকে খুব ভালো করেই চেনে। সিটির মতো দল পেছনে লেগে থাকার পরও ওরা যেভাবে প্রিমিয়ার লীগ জিতেছে, তা সত্যিই প্রশংসনীয়। ফাইনালে কেউ ফেবারিট থাকে না। আমাদের এখানে আসতে অনেক কষ্ট করতে হয়েছে, তবে আমরা প্রস্তুত।’ দলের তারকা উইঙ্গার উসমান দেম্বেলে সুস্থ হয়ে ওঠায় ফরাসি শিবিরে স্বস্তি ফিরেছে।

আর্তেতার কোচিংয়ে টানা তিন মৌসুমে রানার্সআপ হওয়ার গেরো কাটানো আর্সেনাল এবার ঘরোয়া লীগের পাশাপাশি ইউরোপ সেরার মুকুট পরে ‘ডাবল’ পূরণ করতে চায়। ফাইনালে আসার পথে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত তারা। চলতি আসরে ২৯টি গোল করার বিপরীতে হজম করেছে স্রেফ ৬টি। রক্ষণে উইলিয়াম সালিবা ও গাব্রিয়েল মাগালিয়াইসের পোক্ত জুটির পাশাপাশি মাঝমাঠে ডেকলান রাইস ও মার্টিন ওডেগার্ডদের মতো পরীক্ষিত সেনানীরা আছেন ইংলিশ জায়ান্টদের শিবিরে। আক্রমণভাগে চোট কাটিয়ে বুকায়ো সাকা ছন্দে ফেরার আভাস দিয়েছেন। সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস তো এবারের আসরে ইতিমধ্যে ৫টি গোল করে ফেলেছেন।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গানার বস আর্তেতা শিরোপা জেতার জন্য হুঙ্কার ছেড়ে বলেন, “আমরা যোগ্যতা প্রমাণ করেই আজ ফাইনালে এসেছি এবং ট্রফিটা জেতার অধিকার আমাদের অর্জন করতে হবে। লুইস এনরিকে সবসময়ই আমার অনুপ্রেরণা, ও পিএসজিতে নিজের স্পষ্ট ছাপ রেখে গেছে। তবে আমরা এবার ‘ডাবল’ জিততে চাই। প্রিমিয়ার লীগ জয় আমাদের উচ্চাকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায় লেখার এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এটিই সেরা সুযোগ।”

জুরিয়েন টিম্বার ও নোনি ফিট থাকলেও, রক্ষণভাগের অন্যতম ভরসা বেন হোয়াইটকে ছাড়াই মাঠে নামতে হবে আর্সেনালকে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল