মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লেবানন ও সিরিয়ার দখলকৃত এলাকা ছাড়বে না ইসরায়েল

মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
লেবানন ও সিরিয়ার দখলকৃত এলাকা ছাড়বে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন প্রয়োজন, লেবাননের ‘নিরাপত্তা বলয়ে’ ইসরায়েলি বাহিনী অবস্থান করবে।

উল্লেখ্য, লেবাননের প্রায় ৫৭০ বর্গকিলোমিটার এলাকা বর্তমানে ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাতের জেরে এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী শুক্রবার যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, তাতে লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে নেতানিয়াহুর সাম্প্রতিক এই মন্তব্য ভঙ্গুর সেই যুদ্ধবিরতি চুক্তির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আগ্রাসনে রূপ নেয়। বর্তমানে ইসরায়েলি বাহিনী লিটানি নদীর সীমানা পেরিয়ে লেবাননের অভ্যন্তরে অবস্থান করছে। নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ প্রতিহত করতে তাদের সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন।

এদিকে, গত রবিবার বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সমঝোতা প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করলেও, রবিবার রাতেই সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিজ দেশেও চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি বিরোধী দল ও ডানপন্থীরা মার্কিন-ইরান চুক্তি ঠেকাতে না পারায় তার কঠোর সমালোচনা করছে। তাদের আশঙ্কা, এই চুক্তির ফলে লেবানন, সিরিয়া এবং গাজা যেখানে ইসরায়েল প্রায় ১০০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে রেখেছে সেখান থেকে তাদের সরে আসতে বাধ্য হতে পারে।

তবে ট্রাম্পের সাথে মতপার্থক্য থাকলেও ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে যেকোনো চাপের মুখেও অটল থাকার কথা জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। আমরা সন্ত্রাসী শাসকদের দমন করেছি এবং তাদের কারখানা গুঁড়িয়ে দিয়েছি।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও একই সুরে কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিজেদের সীমান্ত ও শহরগুলোকে জিহাদি উপাদানের হাত থেকে রক্ষা করতে লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা বলয় থেকে কোনো সময়সীমা ছাড়াই ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন রাখা হবে। তিনি বলেন, ‘বর্তমানে বা ভবিষ্যতে- যেকোনো চাপের মুখেই আমরা লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিরোধী।’

সূত্র: আল-জাজিরা

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল