রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর নিকট ডিও লেটার 'আধা সরকারী পত্র' দিয়েছেন কুড়িগ্রাম ৪(রাজীবপুর, রৌমারী ও চিলমারী) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
রবিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কার্যালয়ে গিয়ে এলাকাবাসীর দূর্ভোগ নিরসনে তিনি ডিও লেটার প্রদান করেন।
রাজীবপুর ও রৌমারী উপজেলার বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, গত মে মাস থেকে নজিরবিহীন লোডশেডিং চলছে উপজেলা দুটিতে গড়ে ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকছে না উপজেলা দুটিতে। সর্বোচ্চ ২০ মিনিট থেকে কখন ২ থেকে ৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
অব্যহত লোডশেডিং এর কারনে বয়োবৃদ্ধ শিশু কিশোর, অসুস্থ রোগী, বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতষ্ঠান বন্ধ হয়ে গেছে। জৈষ্ঠ্যের তীব্র গরম এবং লোডশেডিং এর কারনে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের।
জেলা থেকে নদী বিচ্ছিন্ন হওয়ার কারনে রাজীবপুর ও রৌমারী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে পাশ্ববর্তী জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি। স্থানীয়দের অভিযোগ চাহিদার তুলনায় কম সরবরাহের বাহানায় ইচ্ছে মাফিক বিদ্যুৎ সরবরাহ করে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
গত ১ মাস থেকে লোডশেডিং এর মাত্রা চরম আকার ধারণ করেছে। ২৪ ঘন্টায় ১ ঘন্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যায় না উপজেলা দুটিতে। এতে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে নানা সমালোচনা এবং রাজীবপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপিও প্রদান করেছে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর নিকট ডিও লেটার প্রদানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সহকারী(পিএস) সানাউল্লাহ সরকার। তিনি আরও বলেন, এমপি মহদয় সর্বোচ্চ চেষ্টা করছে বিদ্যুৎ এর দূর্ভোগ কমাতে।
এমআই