মুহাঃ জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা এলাকায় কপোতাক্ষ নদে মাছ ধরার সময় বজ্রপাতে আরিফ হোসেন (৩৫) নামে এক মৎস্যজীবি নৌকা
থেক পড়ে নিখোঁজ হয়েছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চাকলা এলাকায় কপোতাক্ষ নদে এ ঘটনা ঘটে।
অন্যান্য মৎস্যজীবীদের সহযোগিতায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া নৌকা উদ্ধার হলেও আরিফের কোন সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা মঙ্গলবার (৯ জুন) বিকাল পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ মৎস্যজীবী আরিফ হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ জানান, আরিফ হোসেন প্রতিদিনের ন্যায় কপোতাক্ষ নদে নৌকায় বসে মাছ ধরছিলেন। এসময় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মেঘের গর্জন ও হাল্কা বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে আরিফ হোসেনের নৌকায় বজ্রপাত ঘটলে আরিফ নৌকা থেকে ছিটকে কপোতাক্ষ নদে পড়ে যায় এবং নৌকটিও ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নৌকাটি উদ্ধার করা গেলেও আরিফ হোসেন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আরিফ হোসেনের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন তার আত্মীয় স্বজন,এলাকাবাসী ও মৎস্যজীবীরা।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, ঘটনাটি আমি শুনেছি, কয়রা থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরীরা ঘটনাস্থলে পৌছে মঙ্গলবার সকালে তারা উদ্ধার কাজ শুরু করে। কিন্তু বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এমআই