নিজস্ব প্রতিবেদক:
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানেই বাংলাদেশ।” তিনি বলেন, এই গণভোটের মধ্য দিয়েই ফ্যাসিবাদী রাজনীতির অবসান এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাইদ চত্বরে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের ব্যানারে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটি জুলাই সনদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জাকসুর জিএস আব্দুল আলিম আলিফের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, তা নষ্ট করা যাবে না। যারা জুলাই শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করবে, তাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো জায়গা থাকবে না।”
তিনি আরও বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদী, ‘হ্যাঁ’ মানে শহীদ হত্যার বিচার, এবং ‘হ্যাঁ’ মানে অবৈধ নির্বাচনের পথ চিরতরে বন্ধ করা।”
বক্তব্যে তিনি পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী রাজনীতির সমালোচনা করে বলেন, এই গণভোটের লক্ষ্যই হলো সেই রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটানো। “বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমাদের সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে,” যোগ করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাকসুর আইন বিষয়ক সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, জাবি সলিমুল্লাহ হল সংসদের জিএস অলিউল্লাহ আল মাহাবুব, জাবি এজিএস ফেরদৌস আল হাসান, ঢাবি ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, রাবি ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি এজিএস সালমান সাব্বির এবং চবি জিএস সাইদ বিন হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ইলিয়াস প্রামাণিক, যমুনা টেলিভিশন ও নয়া দিগন্তের রংপুর প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান, রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী এবং রংপুর-৩ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মাহবুবুর রহমান বেলাল। বক্তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে শিক্ষার্থী, ছাত্রনেতা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একে