নিজস্ব প্রতিবেদক:
হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালনকারী আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' অভিমুখে যাওয়ার চেষ্টাকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসু জিএস আম্মারসহ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছ।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মিন্টো রোডের প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ আন্দোলনকারীরা। জুমার নামাজের পর সেখানে জমায়েত আরও বাড়তে থাকে। আন্দোলনকারীরা যাতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে না পারেন, সেজন্য মিন্টো রোডের প্রবেশমুখে আগে থেকেই ব্যারিকেড দিয়ে শক্ত অবস্থান নেয় পুলিশ।
বিকেল পৌনে ৪টার দিকে আন্দোলনকারীরা পুলিশের সেই ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতির অবনতি ঘটে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিপরীতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের দিকে এবং অন্য একটি অংশ বাংলামোটরের দিকে সরে যায়।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন দলটির নেতা-কর্মীরা। পরবর্তীকালে সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন এবং রাতভর তাদের কয়েকজন সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন।
এমআই