শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাবি ছাত্রশক্তির বিক্ষোভ-মিছিল

শনিবার, ফেব্রুয়ারী ৭, ২০২৬
ইনকিলাব মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাবি ছাত্রশক্তির বিক্ষোভ-মিছিল

রামিন কাউছার, জাবি প্রতিনিধি:

শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরকে গুলিবিদ্ধ করা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অদম্য চব্বিশের সামনে এসে শেষ হয়।

এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আজকের এই হামলার নিন্দা জানান। সেই সঙ্গে অবিলম্বে হাদী হত্যার বিচার দাবি করেন।

এ সময় জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, এই রকম কোনো এক শুক্রবারে হাদী ভাইকে গুলি করা হয়, তার কিছুদিন পরে তিনি শাহাদাত বরণ করেন। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানিয়েছি। হাদী ভাইয়ের ওপর হামলা এবং তার পরবর্তী মৃত্যুর পর আমরা ইন্টেরিম সরকারের কাছে দ্রুত বিচারের দাবি পেশ করেছি। বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচনি প্রচারণা চালাচ্ছিল, তখন ইনকিলাব মঞ্চ দেখেছে—হাদী ভাইয়ের হত্যার বিচার প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রতিবাদে যমুনা ঘেরাও কর্মসূচিতে গেলে রাষ্ট্রীয় বাহিনী হাদী ভাইয়ের সমর্থকদের ওপর, বিশেষ করে আবদুল্লাহ আল জাবেরের ওপর হামলা চালায়। আমরা আশা করেছিলাম বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে, কিন্তু ইন্টেরিম সরকার শেষ সময়েও সেই সংস্কৃতি দূর করতে পারেনি।

এ সময় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ গতকাল থেকে যমুনায় অবস্থান কর্মসূচি পালনকালে হাসিনা স্টাইলে পুলিশের হামলা চালানো হয়েছে। সেই হামলায় আমাদের অর্ধশত ভাই-বোন রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যথায় কাতরাচ্ছে। আমরা এই হাসিনা স্টাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এরই অংশ হিসেবে আজকের বিক্ষোভ মিছিলের পর জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা অবস্থান নিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—আমাদের ভাইয়েরা, জুলাইয়ের ভাইয়েরা হাদী হত্যার বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করছে এবং তাদের এই দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, ওসমান হাদী ভাইয়ের হত্যার তদন্ত রাষ্ট্র কোনোভাবেই নিরপেক্ষভাবে করতে পারবে না। রাষ্ট্র যে চার্জশিট দিয়েছে, সেখানে যাদের আইডেন্টিফাই করার কথা বলা হয়েছিল—সেই আওয়ামী লীগ নেতাদের নাম চার্জশিটে নেই। তাই আমরা মনে করছি রাষ্ট্র একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া পরিচালনা করতে পারবে না। এ কারণেই ইনকিলাব মঞ্চের ভাইয়েরা দাবি জানিয়েছিল—এই তদন্ত আন্তর্জাতিকভাবে এবং অবশ্যই জাতিসংঘের অধীনে হতে হবে। জুলাইয়ের আগে হাসিনা তার পালিত বাহিনী দিয়ে ছাত্রজনতার ওপর যেভাবে হামলা চালিয়েছে, ড. ইউনূসও একই স্টাইলে আমাদের ভাইদের ওপর হামলা চালিয়েছে। তাই আমরা মনে করছি ইউনূসও হাসিনার মতো হওয়ার চেষ্টা করছে। ইউনূসকে মনে করিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রজনতা অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, কিন্তু আপনি সেই আশা-আকাঙ্ক্ষার কিছুই বাস্তবায়ন করেননি। বরং আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তাদের খুশি করেছেন।”

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল