ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমি এমপি হই বা না হই, আপনাদের পাশে থাকব। আমি নগরকান্দা-সালথার মানুষকে ছেড়ে কখনো কোথাও যাব না। আল্লাহ আমাকে যতদিন তৌফিক দিয়েছেন, আমি আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিজের শেষ নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আপনারা দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না, আপনাদের মেয়েকে নিরাশ করবেন না, আপনাদের বোনকে নিরাশ করবেন না। আমি আজকে অনেক দাবি নিয়ে আপনাদের কাছে এই কথাটা বলছি, কারণ আমার বাবা নাই- আপনারাই আমার মুরব্বি, আপনারাই আমার ভাই, আপনারাই আমার বোন এবং ভাই-বোনের পাশাপাশি আপনারাই আমার পরিবার।
তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই- আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের কাছে যেমন সকল ধর্ম, সকল দল, সকল মতের মানুষ নিরাপদ ছিল, তেমনি শামা ওবায়েদের কাছে, ধানের শীষের কাছে, বিএনপির কাছে সকল ধর্ম, সকল দল, সকল মতের মানুষ নিরাপদ থাকবে। আর কারও কাছে নিরাপদ থাকবে না।
জনসভায় শামা ওবায়েদ বলেন, শুধু একটা- দুইটা মাদ্রাসা না, নগরকান্দা-সালথা উপজেলার প্রত্যেকটি মাদ্রাসার প্রত্যেকটি ছেলেমেয়ে যাতে ভালো থাকে, ভালো শিক্ষা গ্রহণ করতে পারে, সেই দায়িত্ব আমি নিব।
শামা ওবায়েদ বলেন, আমার বাবা প্রত্যেক ধর্ম-বর্ণের মানুষকে দেখে রাখতেন। আমার দায়িত্ব, আপনাদের বোন হিসেবে, সকল মুসলমান, সকল হিন্দু, সকল ধর্মের মানুষকে দেখে রাখা এবং সেইটা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সম্মানিত আলেম-ওলামারা এবং সকল ইমামরা- শুধুমাত্র ধানের শীষের পতাকায় নিরাপদ থাকবে। সালথা-নগরকান্দায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয়, একটি গার্লস স্কুল এবং কর্মসংস্থানের জন্য মিল-কারখানা প্রতিষ্ঠা করা হবে। প্রবাসে কাজ করা যুবকদের জন্য স্থানীয়ভাবে চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড এবং পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে, যা মায়ের নামে প্রদান করা হবে।
শামা ওবায়েদ বলেন, আমি একটি কথা বলে শেষ করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা দয়া করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের মেয়েকে, আপনাদের বোনকে, আপনাদের পাশে থাকার একটা সুযোগ দিন। আল্লাহর কাছে শুধু এতটুকু আমি দোয়া করি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন, আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করার।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুর হক টুলু, শামা ওবায়েদের স্বামী স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মো. শাহিনুর রহমান, সাবেক প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল ইসলাম, সোহাগ সহ বিএনপির নেতা কর্মীরা।
একে