বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬
বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের শিক্ষার্থীদের শিল্প ও সাহিত্য চর্চাভিত্তিক সংগঠন ‘শিল্প ও সাহিত্য সংসদ’-এর আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিকাংশ কার্যনির্বাহী সদস্যের মতামতের ভিত্তিতে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান-উল-জাব্বার এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন দীপ্ত তালুকদার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাইসুল ফারিদ ও সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, নতুন কমিটির নেতৃত্বে শিল্প ও সাহিত্য সংসদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআই