নিজস্ব প্রতিবেদক:
স্কটল্যান্ডের স্কটিশ পার্লামেন্টের লোথিয়ান অঞ্চলের সদস্য (এমএসপি) ফয়সল চৌধুরী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রেরিত ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রী ও তার দলের নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন যে নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণ এবং সুশাসন আরও সুদৃঢ় হবে।
চিঠিতে ফয়সল চৌধুরী উল্লেখ করেন, বর্তমান জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতায় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখবে।
নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, ২০২১ সালে তিনি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশে জন্মগ্রহণকারী সদস্য হিসেবে নির্বাচিত হন। স্কটল্যান্ড ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতার কথাও তিনি উল্লেখ করেন। ২০২২ সালের শুরুতে তিনি স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক ক্রস-পার্টি গ্রুপ প্রতিষ্ঠা করেন, যার সচিবালয় হিসেবে বাংলাদেশের হাইকমিশন দায়িত্ব পালন করছে।
চিঠিতে তিনি আরও বলেন, স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মতো অভিন্ন মূল্যবোধ রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেষে ফয়সল চৌধুরী প্রধানমন্ত্রীর সফল ও ফলপ্রসূ দায়িত্বপালন কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান।
এমআই