শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়: পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়: পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের সঙ্গে সীমান্তে সংঘর্ষ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও জনগণ রক্ষায় অটল থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সীমান্ত এলাকায় আফগানিস্তানের উসকানিমূলক হামলার জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা আঘাত হেনেছে। নিরাপত্তা সূত্র জানায়, এসব অভিযানে আফগান বাহিনীর  অবস্থান, গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘দেশের প্রতিরক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং প্রতিটি আগ্রাসনের জবাব কঠোর ও যথাযথভাবে দেওয়া হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘দেশের জনগণ ও সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।’

সেনাবাহিনীর পেশাদার সক্ষমতার কথা তুলে ধরে তিনি জানান, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করছে। উন্নত প্রশিক্ষণ ও কার্যকর প্রতিরক্ষা কৌশলে সজ্জিত বাহিনী অভ্যন্তরীণ ও বাহ্যিক—উভয় ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম বলেও তিনি উল্লেখ করেন।

শাহবাজ বলেন, ‘পাকিস্তান সবসময় শান্তির পক্ষে কথা বলেছে, কিন্তু আমাদের অখণ্ডতা নিয়ে কোনো আপস হবে না। যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে মোকাবিলা করবে, আর পুরো জাতি তাদের পাশে রয়েছে।’

একই সুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট জারদারি বলেন, ‘শান্তি ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে পাকিস্তান কোনো ছাড় দেবে না।’

তিনি সতর্ক করে বলেন, ‘কেউ যদি পাকিস্তানের শান্তিপ্রিয় অবস্থানকে দুর্বলতা মনে করে, তবে তাকে শক্ত, সমন্বিত ও চূড়ান্ত জবাবের মুখোমুখি হতে হবে।’ দেশের সশস্ত্র বাহিনীর নাগালের বাইরে কেউ নয় বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল