বেরোবি প্রতিনিধি :
শেষ বিকেলের আলো, তিস্তা নদীর বয়ে চলা হিমেল হাওয়া আর একসাথে রোজা ভাঙার আনন্দ, সব মিলিয়ে স্মৃতিময় এক সন্ধ্যার সাক্ষী হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে ব্যাচের ৪৬ জন শিক্ষার্থী মিলিত হন তিস্তা নদীর পাড়ে, যেখানে ইফতারের টেবিলে শুধু খাবার নয়, ভাগাভাগি হয় বন্ধুত্ব, গল্প এবং আবেগ।
ক্যাম্পাসের একঘেয়েমি আর প্রতিদিনের ক্লাস-পরিক্ষার ব্যস্ততা পেরিয়ে খোলা প্রকৃতির কোলে এমন আয়োজন যেন নতুন করে প্রাণ ফিরিয়ে আনে সবার মাঝে। নদীর ঢেউয়ের ছন্দে, সূর্যাস্তের লাল আভায় আর আড্ডার ভাজে মুহূর্তগুলো হয়ে ওঠে আরও জীবন্ত। কেউ স্মৃতিচারণায় মেতে ওঠে, কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ নিরবে উপভোগ করে প্রকৃতির সৌন্দর্য।
আয়োজন প্রসঙ্গে ব্যাচের শিক্ষার্থী সৈকত খন্দকার বলেন, “আমরা চেয়েছি একটু ভিন্নভাবে ইফতার করতে। নদীর পাড়ে, খোলা আকাশের নিচে একসাথে সময় কাটাতে। এই অনুভূতিটা সত্যিই অন্যরকম। ব্যস্ত জীবনের মাঝেও এমন মুহূর্তগুলো আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে।”
মুনাফা জান্নাত মিম জানান, “ক্লাসরুমের বাইরে এমন আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয়। তিস্তার পাড়ে ইফতার করা আমাদের ব্যাচের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে।”
ইফতারের পর মাগরিবের নামাজ আদায় ও সংক্ষিপ্ত আড্ডার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। তবে তিস্তার পাড়ে কাটানো এই কয়েকটি ঘণ্টা স্মৃতির পাতায় হয়ে থাকবে উজ্জ্বল এক অধ্যায়। যেখানে প্রকৃতি আর বন্ধুত্ব মিলেমিশে তৈরি করেছে অনন্য এক গল্প।
একে