ডিআইইউ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের মধ্য দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের ক্যাফেটেরিয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশ-এর বিশেষ প্রতিবেদক ফসিহ উদ্দীন মাহতাব। এছাড়া উপস্থিত ছিলেন ডিআইইউসাসের সভাপতি কালাম মুহাম্মদ, সংগঠনটির সাবেক সভাপতি মুসা মল্লিকসহ সমিতির সদস্যরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীলতা ও নেতৃত্বের চর্চা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যকে সামনে রেখে ডিআইইউসাস প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ফসিহ উদ্দীন মাহতাব বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা একজন শিক্ষার্থীর পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। ডিআইইউসাসের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্ব শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ডিআইইউসাসের সভাপতি কালাম মুহাম্মদ বলেন, ডিআইইউসাস প্রতিষ্ঠার ৬ বছর পূর্তি আমাদের জন্য গর্বের। ভবিষ্যতেও ক্যাম্পাস সাংবাদিকতার মান উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতার শেষে কেক কেটে সংগঠনটির ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
একে