মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে দেশীয় কাপড়কে ভারতীয় বলে বিক্রির দায়ে ৩টি পোশাকের দোকানকে ৩০হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি বেকারীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আজ দুপুর ১২টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত বাংলাহিলি বাজার, চারমাথা মোড় ও চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন।
সহকারি পরিচালক বোরহান উদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুটি বেকারীতে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, ইন্ডাস্ট্রিয়াল সল্ট ও অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করে খাদ্য প্রস্তুত করার অপরাধে দুটি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বাংলাহিলি বাজারে বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রির দায়ে এবং কাপড় বিক্রির রসিদ সংরক্ষণ ও প্রাদান না করার অপরাধে কাপড়ের তিনটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এমআই