সোমবার, ১৬ মার্চ ২০২৬

বিএনপি সেই কাজ করে, যেগুলো করলে মানুষের উপকার হয়: দিনাজপুরে প্রধানমন্ত্রী

সোমবার, মার্চ ১৬, ২০২৬
বিএনপি সেই কাজ করে, যেগুলো করলে মানুষের উপকার হয়: দিনাজপুরে প্রধানমন্ত্রী

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি এমন কাজগুলি করে যে কাজগুলি করলে দেশের মানুষ খুশি হয়। মানুষের উপকার হয় ও মানুষ ভালো থাকে। দেশের কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খাল খননের পর দু'পাশে বৃক্ষরোপন করা হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে দিনাজপুর জেলার কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজ উদ্বোধন শেষে স্থানীয় বিএনপি আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই খাল পূণঃখনন কাজের মাধ্যমে দেশের ৫৩টি জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে পানি সমস্যার সমাধান করবো। বর্ষার পানিকে কৃষকের কাজে ব্যবহার করতে চাই। এই জন্য বর্ষার পানিটাকে ধরে রাখতে হবে। আল্লাহ ধান, চালসহ মৌলিক খাবার আমাদের দেশে উৎপাদনের ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, আমাদের রাজনীতি কি করে মানুষের কল্যাণ ও ভাল করা যায়।

আমরা ৩৭ হাজার মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি। মায়েদের যেমন ফ্যামিলি কার্ড দিয়েছি কৃষকদেরকেও কৃষক কার্ড দিবো। আমরা কৃষক ও কৃষাণীকে ভাল রাখতে চাই।

প্রধানন্ত্রী বলেন, আমরা কৃষিভিত্তিক শিল্প কারখানার মালিকদের সাথে বসে কৃষিনির্ভর আর কি কি শিল্প গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা করবো।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশীরা তাদের দেশকে সুন্দর করতে পারলে আমরা কেন পারবো না? যারা বিভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান তিনি।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ দেশের মালিক আপনারা। আপনারা যদি সাথে থাকেন তাহলে দেশের উন্নয়ন করতে পারবো। খাল খনন সমাপ্ত হলে আমি আবারো এখানে আসবো। এই খালের পাড়ে আপনাদের সাথে আবারো দেখা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আমাদের অর্থনীতির উপর কিছুটা চাপ পড়েছে। আমরা এই চাপ সামলে উঠবো ইনশাল্লাহ।

"করবো কাজ গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ" এই স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্য শেষ করেন।

সমাবেশে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন, ভোট দেওয়ার কালি এখনো মুছে যায়নি, কিন্তু নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সেসব প্রতিশ্রুতির কয়েকটি এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। আমরা চাই দিনাজপুরে যেন কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি'র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি, পানি সম্পদ শহীদ উদ্দিন চৌধুরী এমপি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, দিনাজপুর-১ আসনে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু,
দিনাজপুর-২ আসনে এমপি সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

দুপুরের পর প্রধানমন্ত্রী তার নানা ইসকান্দর মজুমদার, নানি তৈয়বা মজুমদার, খালা খুরশিদ জাহান হকসহ (চকলেট আপা) আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় বড়মাঠে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ প্রকল্পকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে হয়েছে। উদ্বোধনের দিন প্রায় হাজার স্বেচ্ছাসেবি খাল পূণঃ খনন কাজে অংশগ্রহণ করেছেন।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানিয়েছে, কাহারোল উপজেলার সাহাপাড়া থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রায় ১২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে কাহারোল উপজেলার বিস্তীর্ণ কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই খাল পুনঃখননের ফলে প্রায় ১২০০ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। একই সঙ্গে প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমে যাবে বলে আশা স্থানীয়দের।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, খাল পুনঃখননের পাশাপাশি একটি আধুনিক রেগুলেটর স্থাপন করা হবে। এর মাধ্যমে বর্ষাকালে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে এবং শুষ্ক মৌসুমে সংরক্ষিত পানি কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল