তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ মহিউদ্দিন। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে তার নিজস্ব ফেইসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, মহিউদ্দিনের নিজ জেলা পটুয়াখালী। ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদ্রাসা থেকে দাখিলে এবং ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে (অনার্স) লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত আছেন।
এ ব্যাপারে মোঃ মহিউদ্দিন বলেন, সর্ব প্রথমেই আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছোটোবেলা থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার গভীর আগ্রহ ও শ্রদ্ধাবোধ কাজ করতো। দেশের সার্বভৌমত্ব রক্ষা, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং মানুষের সেবায় সরাসরি নিজেকে নিয়োজিত করার মহান আদর্শ আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি প্লাটুনে যুক্ত হওয়ার পরে সশস্ত্র বাহিনীতে যোগদান করার আগ্রহ আরো শানিত হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার এই সুযোগ আমার জন্য এক মহান দায়িত্ব ও গৌরবের। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে যেন অর্পিত এই দায়িত্ব পালন করতে পারি সে ব্যাপারে সকলের দোয়া কামনা করছি।
এমআই