হাবিপ্রবি প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার আহ্বায়ক ফয়সাল মোস্তাক–এর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (০২/০৪/২০২৬) সংগঠনটির হাবিপ্রবি শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার মাধ্যমে আন্দোলনের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জয়পুরহাটের পাঁচবিবি থেকে দিনাজপুরের বোচাগঞ্জ ফিলিং স্টেশনে যাওয়ার সময় ফয়সাল মোস্তাকের ছোট ভাই সুমনের মোটরসাইকেল থামিয়ে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ করা হয়েছে।
পরে বিষয়টি জানতে পেরে ফয়সাল মোস্তাক ঘটনাস্থলে গেলে তার ওপরও অতর্কিত হামলা চালানো হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে তারা গুরুতর আহত হন বলে জানা যায়।
বিবৃতিতে আরও বলা হয়, দেশে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করা হয়।
হাবিপ্রবি শাখার নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনটির হাবিপ্রবি শাখার মুখপাত্র আহসান মোহাম্মদ সাবির।
একে