মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, প্রতিবাদে এক ভারতীয়কে তুলে এনেছে স্থানীয়রা

সোমবার, এপ্রিল ৬, ২০২৬
বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, প্রতিবাদে এক ভারতীয়কে তুলে এনেছে স্থানীয়রা

জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এক ভারতীয়কে তুলে এনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।

আজ সোমবার সকাল ১০টার দিকে পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্তের গাটিয়ারভিটা এলাকায় ৮২৬ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছাকাছি জায়গায় এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান (২৮) পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ারভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মিজানুর রহমান সীমান্তবর্তী এলাকায় গরুর জন্য ঘাস সংগ্রহ করতে যান। এ সময় তিনি ভুলবশত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তখন ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গৌমতি ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিটি মিজানুরের কাঁধে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় মিজানুর দ্রুত বাংলাদেশে ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান।

এ ঘটনার পরপরই সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে সহদেব বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে তুলে এনে বিজিবির কাছে সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘গুলিবিদ্ধ যুবক বর্তমানে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গরুসহ ভারতীয় নাগরিক বিজিবির কাছে রয়েছেন।’

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার বাদশা মিয়া জানান, ঘটনার পরপরই বিজিবি সদস্যরা সীমান্তের জিরো লাইনে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ‘আহত যুবক সীমান্ত অতিক্রম করে শুধু ঘাস কাটতে গিয়েছিলেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। আহত যুবককে তার পরিবারের লোকজন একটি প্রাইভেট হাসপাতালে রেখে চিকিৎসা করাচ্ছেন। আমরা আরও তথ্য সংগ্রহ করছি। স্থানীয়রা যে ভারতীয় নাগরিককে নিয়ে এসেছেন, তিনি আমাদের হেফাজতে রয়েছেন।’

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) সুবেদার মেজর আব্দুর রাজ্জাক বলেন, ‘সীমান্তে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আহত বাংলাদেশি যুবকের ঘটনায় আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবো। আটক ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হবে।’

তিনি জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের উত্তেজনা নেই। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল