হাম্মাদ, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ও ঝিনাইদহ এর মাঝখানে এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। টিউশনসহ নানাবিধ কারণে কুষ্টিয়া ও ঝিনাইদহে যাতায়াত করতে হয় এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। কিন্তু, বাস সংকটের কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় ঝিনাইদহগামী শিক্ষার্থীদের। এদিকে, এ ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতিদ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টায় তার নিজস্ব ফেইসবুক আইডিতে এক স্টাটাসে এ দাবি জানান তিনি।
ঐ স্টাটাসে তিনি লেখেন, ঝিনাইদহ জেলা শহরে যাতায়াতকারী শিক্ষার্থীদের প্রতি পরিবহন প্রশাসনের এমন অবহেলা কেন? ছুটির দিনে কুষ্টিয়া শহরের জন্য যেখানে একাধিক বাসের ব্যবস্থা করা হয়, সেখানে ঝিনাইদহ শহরের জন্য দেওয়া হয় মাত্র একটি বাস, সেটিও জরাজীর্ণ ও অনুপযোগী। ফলে শিক্ষার্থীদেরকে গাদাগাদি করে, চরম ভোগান্তির মধ্যে যাতায়াত করতে হয়। দিনের পর দিন এমন চিত্র উদ্বেগজনক। একটি বাসে এত শিক্ষার্থী একত্রে বসার জায়গা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকারও কোনো উপযুক্ত পরিবেশ থাকে না। এটি শুধু অস্বস্তিকর নয়, বরং ঝুঁকিপূর্ণও।
তিনি আরও লেখেন, পরিবহন প্রশাসকের কাছে আমাদের প্রশ্ন ঝিনাইদহগামী শিক্ষার্থীদের প্রতি এই বৈষম্যের কারণ কী? বারবার অবগত করার পরও কেন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যানবাহন এই রুটে না দেওয়ার পেছনে কী কারন রয়েছে? শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করা তো প্রশাসনের দায়িত্ব। তাই শিক্ষার্থীদের এই দুর্ভোগ দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, সমস্যাটি সম্পর্কে আমরা অবগত আছি। সমাধানের জন্য আমি গত সপ্তাহেই ঝিনাইদহ এ দুটি করে বাস দেওয়ার নির্দেশ দিয়েছিলাম। কী কারনে তারা এখনো তারা ঐ নির্দেশ বাস্তবায়ন করেনি তা আমি খতিয়ে দেখব। শিক্ষার্থীদের স্বচ্ছ এবং প্রত্যাশিত সার্ভিস প্রদানের জন্য আমরা বদ্ধপরিকর।
এমআই