রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

রোববার, এপ্রিল ২৬, ২০২৬
ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।

ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’

এ ঘটনায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এক পুলিশ সদস্য বুলেটপ্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত।

ঘটনার সময় অনুষ্ঠানটি শুরু হচ্ছিল মাত্র। অতিথিরা খাবার গ্রহণ করছিলেন, এমন সময় হঠাৎ সশস্ত্র নিরাপত্তাকর্মীরা প্রবেশ করে সবাইকে নিচে আশ্রয় নিতে বলেন। উপস্থিত সাংবাদিকরা টেবিলের নিচে আশ্রয় নেন, এ সময় আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু হয়।

পরে ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ট্রাম্প জানান, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে আছেন।

তিনি বলেন, ‘ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ নিরাপদে আছেন। আমরা অল্প সময়ের মধ্যেই হোয়াইট হাউজ থেকে কথা বলব।’

সিক্রেট সার্ভিস জানিয়েছে, গুলির ঘটনা ঘটেছে অনুষ্ঠানস্থলের একটি তল্লাশি এলাকায়। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা গেছে।

ঘটনার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে এটি ফের আয়োজন করা হবে।

সূত্র: এপি, আল-জাজিরা

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল