রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দিনাজপুরে বোরো মৌসুমের ৫৪ জাতের ধান নিয়ে ব্রি'র ‘রাইস গার্ডেন’ স্থাপন

রোববার, এপ্রিল ২৬, ২০২৬
দিনাজপুরে বোরো মৌসুমের ৫৪ জাতের ধান নিয়ে ব্রি'র ‘রাইস গার্ডেন’ স্থাপন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : 

ধান উৎপাদন বৃদ্ধি, আধুনিক জাত সম্প্রসারণ এবং কৃষকদের হাতে-কলমে প্রযুক্তি প্রদর্শনের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে চলতি ২০২৫–২৬ বোরো মৌসুমে  ব্যতিক্রমধর্মী একটি ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। এলএসটিডি প্রকল্পের অর্থায়নে পরিচালিত এই কার্যক্রমে ব্রি উদ্ভাবিত মোট ৫৪টি ধানের জাত একসঙ্গে প্রদর্শন করা হচ্ছে।

দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ এলাকায় স্থাপিত ব্রি'র রাইস গার্ডেন কৃষকদের জন্য একটি উন্মুক্ত শেখার ক্ষেত্র হিসেবে কাজ করছে। এখানে কৃষকরা সরাসরি বিভিন্ন ধানের জাতের গঠন, বৃদ্ধির ধাপ, রোগ-বালাই সহনশীলতা, ফলন ও গুণগত বৈশিষ্ট্য তুলনামূলকভাবে পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন। এর ফলে স্থানীয় পরিবেশ ও মৌসুম উপযোগী উন্নত জাত নির্বাচন করা কৃষকদের জন্য সহজ হচ্ছে এবং আধুনিক ধান চাষে আগ্রহ বাড়ছে।

দিনাজপুর অঞ্চলে ধানের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি গ্রহণে কৃষকদের সক্ষমতা বাড়াতে প্রযুক্তি গ্রামের মাধ্যমে এ ধরনের প্রদর্শনী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে একই জমিতে একাধিক জাতের তুলনামূলক প্রদর্শন কৃষকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয় প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিমা জাহান জানান, এই রাইস গার্ডেনের মাধ্যমে কৃষকরা সরাসরি বিভিন্ন ধানের জাত এক জায়গায় দেখার সুযোগ পাচ্ছেন। এতে তারা নিজেদের এলাকার জন্য উপযোগী ধানের জাত নির্বাচন করতে পারছেন এবং আগামী মৌসুমে চাষের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হচ্ছে।

প্রতিষ্ঠানটি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান জানান, এই রাইস গার্ডেনের মাধ্যমে তারা সহজেই তুলনামূলক ধারণা পেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন, ফলে চাষাবাদ বিষয়টি তাদের কাছে আরও সহজবোধ্য হচ্ছে। পাশাপাশি আগামীতে কৃষকদের জন্য আউশ ও আমন মৌসুমেও এ ধরনের রাইস গার্ডেন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় পরিচালিত এই রাইস গার্ডেন ভবিষ্যতে দিনাজপুর অঞ্চলে উচ্চফলনশীল ও উপযোগি ধানের জাত সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে। কৃষকরা সরাসরি পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারছেন, যা মাঠপর্যায়ে প্রযুক্তি বিস্তারে ইতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের প্রযুক্তি গ্রামে স্থাপিত এই রাইস গার্ডেনটি আগ্রহী কৃষক, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য উন্মুক্ত রয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল