মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ। তিনি ওই শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত যাবতীয় খরচ বহন করার দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৭ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীটির ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন ছাত্রদেল নেতা আব্দুস সামাদ।
জানা যায়, শিক্ষার্থীটি এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদে ভর্তির সুযোগ পেলেও চরম আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চয়তায় পড়ে যায়। বিষয়টি নজরে আসার পর আব্দুস সামাদ দ্রুত যাচাই-বাছাই করে তার পাশে দাঁড়ান এবং ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন।
এ বিষয়ে ছাত্রদল নেতা আব্দুস সামাদ বলেন,“মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা একে অপরের পাশে দাঁড়াই। দারিদ্র্য একটি দুষ্টচক্র; এর স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও মানবিক দায়িত্ববোধ। কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন শুধু অর্থের অভাবে থেমে থাকতে পারে না। আমরা সেই জায়গা থেকেই কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, তাদের সংগঠনের আদর্শিক প্রেরণা থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও যে কোনো যৌক্তিক প্রয়োজনে সহযোগিতা করা হবে।
সহায়তা পাওয়া শিক্ষার্থী কৃতজ্ঞতা জানিয়ে বলেন,“শেকৃবিতে চান্স পাওয়ার পর পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় স্বপ্নটা ভেঙে যেতে বসেছিল। কিন্তু সামাদ ভাই নিজে খোঁজ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। এখন আমি আত্মবিশ্বাসের সাথে আমার লক্ষ্য পূরণের পথে এগোতে পারবো, ইনশাআল্লাহ।”
এমআই