মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি করতে গিয়ে অলেদা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় বৃদ্ধার নাতিসহ পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২৬) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান, ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামে ফজলে রাব্বিসহ তার দুই বন্ধু নাজমুল হুদা এবং মুশফিকুর রহমান অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণ থেকে পরিত্রাণ পেতে তারা চুরির পরিকল্পনা করে। এ সময় ফজলে রাব্বি জানায়, তার দাদী বাড়িতে একা থাকে। সেখানে অনেক স্বর্ণালঙ্কারসহ বিপুলপরিমান টাকা রয়েছে।
এই পরিকল্পনা অনুযায়ী তারা তিনজন অলেদা বেওয়ার বাসায় চুরি করতে যায়। এ সময় অলেদা বেওয়া জেগে গেলে আসামিরা তার মুখে ও চোখে টেপ মেরে দেয়। এতে অলেদা বেওয়ার মৃত্যু হয়।
পরে আসামিরা তার বাসা থেকে চুরি করে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে সাভার থেকে এবং একজনকে ঘোড়াঘাট থেকে গ্রেফতার করে। এছাড়া চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-একটি স্বর্ণের হার, এক জোড়া বালা, এক জোড়া চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা ও এক জোড়া রুপার নুপুর।
এমআই