মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলা ছাত্রদলের ঘোষিত নতুন আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে সোমবার দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৫ মে ২০২৬) বিকেল সাড়ে ৪ টায় শহরের নিমতলা দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে স্বীকৃত চাঁদাবাজ, নেশাগ্রস্ত, আওয়ামী পরিবারের সন্তান দ্বারা গঠিত দিনাজপুর জেলা ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবি জানানো হয়। আগামী ৭২ ঘন্টার মধ্যে এই অবৈধ কমিটি বাতিলের দাবি জানান ছাত্রদলের নেতারা। ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগি ও সুবিধাবঞ্চিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়া দাবি জানানো হয়।
ছাত্রদল নেতারা ঘোষিত কমিটি বাতিল করতে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে 'অবৈধ কমিটি মানি না- মানবো না' স্লোগান দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা সোহানুর রহমান, মীর শাহনেওয়াজ আলী হ্যাপি, মোঃ মিনার, নায়েব আনোয়ার প্রমি, নাজমুল ইসলাম, মোঃ রানা, মোঃ রুহান প্রমূখ।
এর আগে গত রবিবার ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এমআই