রামিন কাউছার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে শাখা ছাত্রদল ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করতে যাচ্ছে।
আগামী বৃহস্পতিবার (৭ মে) এ সিস্টেমের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
জানা গেছে, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হবে। পরে ধারাবাহিকভাবে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। এছাড়া বাসের নির্দিষ্ট স্টপেজে পৌঁছানোর সময় এবং কোনো কারণে বাস দেরি হলে নোটিফিকেশনের সুবিধাও থাকবে। এতে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শাখা ছাত্রদলের সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সভাপতি মেহেদি হাসান ইমন বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের শিক্ষার্থীরা পরিবহন ব্যবস্থার অনিশ্চয়তার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাস কখন কোথায় অবস্থান করছে—এই মৌলিক তথ্যের অভাবে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং ক্লাস ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই দৈনন্দিন দুর্ভোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতের মতোই শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করে যাবে। একটি আধুনিক, শিক্ষার্থী-বান্ধব, সুশৃঙ্খল ও কার্যকর ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে প্রস্তুত।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আগামী ৭ মে দুটি বাসে পরীক্ষামূলকভাবে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু হবে। পরীক্ষা সফল হলে আমরা সব বাসে এই আধুনিক সুবিধাটি পুরোপুরি চালু করব।
এমআই