এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (৫০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (৬ মে) পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নিলুফা বেগম উপজেলার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে নিলুফা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি অভিমান করে ঘর থেকে বের হয়ে রেললাইনের দিকে দৌড়ে যান। কুশাডাঙ্গা রেলগেট এলাকায় পৌঁছালে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে তিনি ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।
ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা তাকে মৃত ঘোষণা করেন।
ডা. সিঞ্চন সাহা জানান, "অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই নিলুফা বেগমের মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন অত্যন্ত গুরুতর ছিল।"
ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআই