নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অবকাঠামো থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকার বিষয়টি তুলে ধরে হতাশা প্রকাশ করেছেন সরকারের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (১৬ মে) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) আয়োজিত নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রাক-বাজেট বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “আমি কালকে গোপালগঞ্জে গিয়েছি। এত নয়নাভিরাম দালানকোঠা—আপনারা যেতে পারেন, চমৎকার লাগবে। এখানে একটা পল্লী উন্নয়ন একাডেমি আছে, চমৎকার দালান, ১৬টা স্যুট আছে, আন্তর্জাতিক মানের কনফারেন্সের সব ব্যবস্থা আছে। কিন্তু আপনি ট্রমা সেন্টারে যাবেন, মানুষ নেই।”
তিনি আরও বলেন, “নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটে মাত্র তিনজন শিক্ষক। চমৎকার প্রাকৃতিক পরিবেশে মেডিকেল কলেজ, ঢাকার পরে দ্বিতীয় ডেন্টাল কলেজ হয়েছে, কিন্তু কোনো লোক নেই।”
অর্থ উপদেষ্টা বলেন, “রাষ্ট্র যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে তারা শুধু অবকাঠামো বানাবে, কিন্তু সেখানে মানুষ থাকবে না।”
তিনি বলেন, “আজকে কেন ব্যক্তিখাতের বিনিয়োগ কমে গেছে, কেন নারীর আনুষ্ঠানিক শ্রমবাজারে অংশগ্রহণ কমছে—এসবের মূল কারণ রাষ্ট্র ও জনগণের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হওয়া।”
সেমিনারে তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকার নতুন অর্থায়ন স্কিম, ক্রেডিট গ্যারান্টি স্কিম ও সহজ ঋণপ্রবাহ চালুর পরিকল্পনা করছে। একই সঙ্গে এসএমই নীতিমালাকে আরও উদ্যোক্তাবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
একে