মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে ২১ বস্তা গম জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে ) দুপুরে উপজেলার ভৈরবপাশা বাজার সংলগ্ন একটি অটোর গ্যারেজ থেকে এ গম জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা খাদ্য কর্মকর্তা ও পুলিশ ওই বাজারে গিয়ে আব্দুল হালিম হাওলাদারের অটোর গ্যারেজে ২১টি প্লাস্টিকের সাদা বস্তায় রাখা ১০০০ কেজি গম দেখতে পান। তবে গমের বস্তাগুলোর ওপর কোনো সিল বা কোনো কিছু লেখা পাওয়া যায়নি।
গ্যারেজ মালিক আব্দুল হালিম গমের মালিকানা অস্বীকার করে ওই গমের বস্তাগুলো কে বা কারা সেখানে রেখে গেছেন তা তিনি জানেন না বলে জানান।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ওই গমের বস্তাগুলো পরিত্যক্ত হিসেবে জব্দ করে পুলিশ।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী এ ঘটনা নিশ্চিত করে জানান, উপজেলা খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ ওই বাজারের একটি গ্যারেজ থেকে পরিত্যক্ত অবস্থায় ২১ বস্তা গম জব্দ করেছে।
এ ব্যাপারে পরবর্তীতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই