বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার গাবতলীতে মধ্যরাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) রাত সোয়া ১২টায় উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রীতা রানী ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার জন্য ঢাকায় থাকেন। ওই বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনই থাকতেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাত ১০টার দিকে রাতের খাবার শেষ করে রীতা রানী ও তার স্বামী আলাদা দুটি ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে বিধান চন্দ্রের ঘুম ভাঙে। একই সঙ্গে তিনি পাশের ঘর থেকে তার স্ত্রীর অস্বাভাবিক গোঙানির শব্দ শুনতে পান। এ সময় স্ত্রীর ঘরে গিয়ে তিনি মেঝেতে রীতা রানীর গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষের মেঝে থেকে ওই গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, ঘটনার রহস্য উন্মোচনসহ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একে