বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কুবিতে 'বিতর্কিত' অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ

বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
কুবিতে 'বিতর্কিত' অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চারটি অনুষদে উপাচার্যের প্রতিনিধি হিসেবে পুনরায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব হিসেবে চারজন শিক্ষককে ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সিন্ডিকেট কর্তৃক নতুন ডিন নিয়োগের পূর্ব পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির ছায়াদউল্লাহ খান, প্রকৌশল অনুষদে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মোঃ তোফায়েল আহমেদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। এছাড়া কলা ও মানবিক অনুষদে ডিনের দায়িত্বে থাকবেন স্বয়ং উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। 

অফিস আদেশে ছুটি, অনুপস্থিতি বা অন্য কোনো কারণে ডিনের পদ শূন্য থাকায় উপাচার্যের প্রতিনিধি হিসেবে চারজন শিক্ষককে ডিনের রুটিন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১১ই মে একটি অফিস আদেশের মাধ্যমে ছয়জন শিক্ষককে আইনি মতামত না আসা পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব হিসেবে ছয়টি অনুষদে ডিনের দায়িত্ব দেওয়া হয়। যেটিকে 'বিধিবহির্ভূত এবং 'নিয়ম ব্যত্যয়কারী' দাবি করে তৎকালীন সময়ে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। তাদের মতে, উক্ত নিয়োগে জ্যেষ্ঠতার ভিত্তিতে কিংবা বিভাগ রোটেশনের নিয়ম- এ দুটোকে অগ্রাহ্য করে পূর্ববর্তী উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী ইচ্ছে মতো নির্বাহী ক্ষমতার প্রয়োগ করেছেন। 

ফলে গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার দ্বিতীয় কার্যদিবসের মধ্যেই গত ১৮ মে এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম পূর্ববর্তী প্রশাসনের অফিস আদেশ বাতিল করেন। 

এবং গত ১৮ মে প্রচারিত বাতিলের অফিস আদেশ অনুযায়ী, ছয়টি অনুষদেরই ডিনের দায়িত্ব উপাচার্য নিজে গ্রহণ করেন। একই দিনে পৃথক আরেকটি অফিস আদেশের মাধ্যমে উপাচার্যের উপর অর্পিত আইন অনুষদের দায়িত্ব একাউন্টিং এন্ড ইনফরমেশনস বিভাগের অধ্যাপক ড. বেলাল উদ্দিনের উপর ন্যস্ত করা হয়। এবার জ্যেষ্ঠতার ভিত্তিতে কলা ও মানবিক অনুষদ রেখে বাকি চার অনুষদে জ্যেষ্ঠ শিক্ষকদের ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এবিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, 'সদ্য সাবেক উপাচার্য আইন বিশেষজ্ঞের মতামত ছাড়া ডিন নিয়োগ দেওয়ায় আগের নিয়োগ বাতিল করা হয়েছিলো। পরে ডিনের দায়িত্ব উপাচার্যের কাছে যায়। প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পাঁচটি অনুষদে সাময়িকভাবে ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সিন্ডিকেট ও আইন বিশেষজ্ঞের মতামত না পাওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।'

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ ধারা ২২(৬) অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বিধি মোতাবেক দায়িত্বভাতা প্রাপ্য হবেন এবং আগামী ২১ মে থেকে এ আদেশ কার্যকর হবে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল